টানা চার দিন ধরে দেশের বেশিরভাগ স্থানে কুয়াশার প্রভাব বজায় আছে। আজ বুধবার সকালে রাজধানীসহ কিছু এলাকায় কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীত আরও তীব্র অনুভূত হচ্ছে। এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। রাজধানীতে তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, খুলনা ও বরিশাল বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জেও শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীতে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী দু–এক দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কুয়াশা কিছুটা কমে যেতে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ, আর ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়।
